নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ই মার্চ) সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে হরিনগর পানির প্লান্ট এলাকায় গিয়ে শেষ হয়।
“সকল নারী ও কন্যার জন্য অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত র্যালিতে দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের দেড় শতাধিক নারী অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারী নারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে নারীর অধিকার, সমতা ও নিরাপত্তার দাবি তুলে ধরেন।
এমবাসি অব সুইডেন ঢাকা ও ইউএন উইমেন এর সহযোগিতায় এবং এএফএডি, এএসডিডিডব্লিউ ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে র্যালিতে অন্যান্যদের উপস্থিত ছিলেন, জিহা সদস্য সুফিয়া খাতুন, প্রতিমা রাণী, রেখা রানী গাইন, শেফালি বিবি, শাহানারা খাতুন, তাছলিমা খাতুন, দিথি রানী, নবনীতা মন্ডল সহ অন্যান্য অতিথিবৃন্দ।
তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করে নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
এ সময় স্থানীয় নারী নেত্রী, কমিউনিটি সদস্য ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে নারীদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
